বাগেরহাটে করোনায় চিকিত্সকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক চিকিত্সকের মৃত্যু হয়েছে। তার নাম উপেন্দ্রনাথ পাল (৭৫)। মঙ্গলবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার দুপুরে স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়। চিকিত্সক উপেন্দ্রনাথ পাল ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ছিলেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, গত সোমবার চিকিত্সক উপেন্দ্রনাথ পাল ফকিরহাটের নিজ বাড়িতে অসুস্থ হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐদিনই তার নমুনা সংগ্রহ করে ল্যাবের পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে আটটায় তার মৃত্যু হয়।