চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জেলার মহানন্দা নদীতে ডুবে শম্পা খাতুন (১৩) নামে ৫ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ডুবে যাওয়ার পর বুধবার বালুগ্রাম এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত মিজানুর রহমানের মেয়ে ও শিমুলতলা আইডিয়াল কেজি স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আবু সালেহ আল হাম্মাদ জানান, শিশুটি মঙ্গলবার বাড়ির পাশে মহানন্দা নদীতে অন্যদের সঙ্গে গোসলে নামে। এক পর্যায়ে সে ডুবে যায়। সদর থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।