বরিশালে আট দফা দাবিতে বাসদের সংবাদ সম্মেলন

বরিশাল অফিস

বরিশালে করোনা পরীক্ষায় দীর্ঘ সময় নেওয়া, হয়রানি বন্ধ, পিসিআর ল্যাব বাড়িয়ে প্রতিদিন কমপক্ষে ১ হাজার জনের টেস্টসহ আট দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর জেলা আহ্বায়ক কমিটি। কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করেছে তারা। নগরীর ফকিরবাড়ি রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাসদের জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। সংবাদ সম্মেলনে আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য আজ (বৃহস্পতিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সদর রোডে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় বাসদের জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।