ইত্তেফাক রিপোর্ট
মঙ্গলবারের মতো গতকাল বুধবারও সামান্য উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। গতকাল ডিএসইতে সব সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে আগের দিন থেকে। আর লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৪ দশমিক ৮৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ৯৭ পয়েন্ট এবং সিডিএসইটি শূন্য দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯১৮ দশমিক ৫৬ পয়েন্টে, ১ হাজার ৩২৭ দশমিক ৩৩ পয়েন্টে এবং ৭৮৫ দশমিক ১৮ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৫৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ১৭ কোটি ৮৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭১ কোটি ৯৬ লাখ টাকার।
ডিএসইতে গতকাল ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ২৩টির বা ৮ শতাংশের, শেয়ারের দর কমেছে ১৫টির বা ৬ শতাংশের এবং ২৩৩টির বা ৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ১০৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০টির দর বেড়েছে, কমেছে ১১টির আর ৭৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ব্লকে ২৯ কোম্পানির ১০ কোটি টাকার লেনদেন
গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ২২ লাখ ৭৪ হাজার ২০৩টি শেয়ার ৫১ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ২৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাত্ ২ কোটি ১২ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি টাকার প্যারামাউন্ট টেক্সটাইলের এবং গ্রামীণফোনের ৯৯ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া বিকন ফার্মার ৩০ লাখ টাকার, সিটি ব্যাংকের ১০ লাখ ১৮ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৪ লাখ ৪০ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ৯ লাখ টাকার, ডরিন পাওয়ারের ২৮ লাখ ৫০ হাজার টাকার, ফাইন ফুডসের ১২ লাখ ৬০ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১২ লাখ ৮৪ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টুর ১২ লাখ ৫৭ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১৩ লাখ ৯৫ হাজার টাকার, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ৫ লাখ ৭ হাজার টাকার, যুমনা অয়েলের ৬ লাখ ২৫ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১৩ লাখ ১৮ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৫ লাখ ৭২ হাজার টাকার। এছাড়া ব্লকে লেনদেন হয়েছে এমএল ডাইং, নাহি অ্যালুমিনিয়াম, ওয়াইম্যাক্স, অলিম্পিক, ওরিয়ন ফার্মা, পাইওনিয়ার ইনসিওরেন্সের, সমতা লেদার, সুহূদ, সিঙ্গার বিডি, সাউথইস্ট ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের।