দেশের পশ্চিমাঞ্চলে যোগাযোগ-ব্যবস্থার উন্নতিতে ৫০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

ইত্তেফাক রিপোর্ট

দেশের পশ্চিমাঞ্চলে যশোর-ঝিনাইদহ করিডোরে সড়ক ও ডিজিটাল যোগাযোগ-ব্যবস্থার উন্নতি করতে ৫০ কোটি ডলার (৪ হাজার ২৫০ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। দ্য ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহান্সমেন্ট (উইকেয়ার) ফেস-১ প্রকল্পের আওতায় এই ঋণ দেওয়া হবে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকল্পের আওতায় ভোমড়া-সাতক্ষীরা-নাভারণ এবং যশোর-ঝিনাইদহে ১১০ কিলোমিটার দুই লেন সড়ক চার লেনে উন্নতি করা হবে। দেশের পশ্চিমাঞ্চলে ২ কোটি মানুষের জন্য সরকারের নেওয়া ২৬০ কিলোমিটার ইকনোমিক করিডোর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ প্রকল্পটি সহায়তা করবে বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

প্রকল্পটির প্রথম পর্যায়ে যশোর-ঝিনাইদহে ৪৮ কিলোমিটার মহাসড়ক উন্নয়ন করা হবে। সেইসঙ্গে ৬০০ কিলোমিটার গ্রামীণ সংযোগ সড়ক উন্নয়ন করা হবে। এর মধ্যমে ৩২টি গ্রামীণ হাট-বাজারে যাতায়াত সুবিধার উন্নতি হবে। প্রকল্পটির আওতায় হাইওয়ে নির্মাণ, সড়ক নিরাপত্তা ব্যবস্থা, ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন ব্যবস্থা করা ছাড়াও ট্রাফিক সেফটি ব্যবস্থা গড়ে তোলা হবে। হাইওয়ের দুই পাশে অপটিক্যাল ফাইবার স্থাপন করা হবে।

এক বিবৃতিতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টিম্বন উল্লেখ করেন, বাংলাদেশের পশ্চিমাঞ্চল কৃষি ও প্রাকৃতিক পণ্যে সমৃদ্ধ। তাছাড়া এই এলাকা আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রবেশদ্বার হওয়ারও সম্ভাবনা রয়েছে। প্রকল্পটির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে কৃষকের সঙ্গে বাজার-ব্যবস্থার সম্পৃক্ততা বাড়বে। রাজধানীর সঙ্গে যোগাযোগ-ব্যবস্থার উন্নতি হবে। অপটিক্যাল ফাইবার স্থাপন হবার ফলে নির্ভরযোগ্য ও সস্তা ইন্টারনেট সেবা পেতে সাহায্য করবে। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে। বিশ্বব্যাংক উল্লেখ করেছে, কোভিড-১৯-এর কারণে দেশে বহু মানুষ দরিদ্র্য হয়েছে এবং অনেকের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন শুরু হলে এই অঞ্চলে দ্রুত আর্থসামাজিক অবস্থায় এর ইতিবাচক প্রভাব পড়বে। তাছাড়া সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কোভিড-১৯-এর মতো অন্যান্য জরুরি প্রস্তুতি গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করবে এই প্রকল্প।