ইত্তেফাক রিপোর্ট
অনিয়ম করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্টের সব পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে স্বতন্ত্র ও মনোনীত পরিচালককে এ জরিমানার বাইরে রাখা হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানিয়েছেন, এমআই সিমেন্ট ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (ত্রৈমাসিক প্রতিবেদন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ‘কারেন্ট অ্যাকাউন্ট উইথ দ্য সিস্টার কনসার্ন’ হিসাব শিরোনামে ৭০ কোটি ৪০ লাখ টাকা দেখিয়েছে, যা প্রকৃতপক্ষে ইস্যুয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সুদবিহীন ঋণ হিসেবে দেওয়া হয়েছে এবং ঐ ঋণ দেওয়ার আগে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় অনুমোদন নেওয়া হয়নি।
এছাড়া কোম্পানির পূর্ববর্তী বছরগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনেও বর্ণিত হিসাব শিরোনামে সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সুদবিহীন ঋণ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। ঐ সহযোগী প্রতিষ্ঠানগুলো ইস্যুয়ার কোম্পানির পরিচালকদের শতভাগ মালিকানাধীন বলে প্রতীয়মান হয়। এ ধরনের কাজের মাধ্যমে এমআই সিমেন্ট কমিশনের নির্দেশনা লঙ্ঘন করেছে। এই লঙ্ঘনের জন্য কোম্পানিটির প্রত্যেক পরিচালকে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতিত) ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।