ডিএনসিসিতে রাইড শেয়ারিং সেবা ‘জো-বাইক’ চালু

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বাইসাইকেল রাইড শেয়ারিং সেবা জো-বাইক সার্ভিস শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় সার্ভিসটি চালু হয়েছে। ডিএনসিসির ২২টি পয়েন্টে এসব সাইকেল পাওয়া যাবে। পরবর্তীকালে উত্তরাসহ নগরীর বিভিন্ন এলাকায় সার্ভিসটি ছড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। গতকাল গুলশান-২ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সার্ভিসের উদ্বোধন করেন। বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘জো-বাইক’ বাণিজ্যিক ভিত্তিতে বাইসাইকেল রাইড শেয়ারিং পরিচালনা করবে। যে কেউ অ্যাপ ব্যবহার করে প্রতি মিনিট এক টাকা হারে বাইসাইকেলগুলো ব্যবহার করতে পারবে বলে জানায় উদ্যোক্তা প্রতিষ্ঠানটি।

মেয়র বলেন, সার্ভিসটি পর্যায়ক্রমে সমগ্র ডিএনসিসিতে সম্প্রসারণ করার ইচ্ছা আছে। ফলে অনেকের কর্মসংস্থান হবে। আমরা সমন্বিতভাবে পথচারী ও বাইসাইকেল লেনের জন্য কাজ করছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাইসাইকেল চালানো আমরা সবাই পছন্দ করি, কিন্তু সুযোগ পাই না। গ্রামে সাইকেল চালানোর সুযোগ থাকলেও শহরে এ সুযোগ নেই। এ সমস্যা সমাধানের জন্য ডিএনসিসি মেয়র কাজ করছেন। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, স্থপতি ইকবাল হাবিব, অধ্যাপক আখতার মাহমুদ উপস্থিত ছিলেন।