ইত্তেফাক রিপোর্ট
মালদ্বীপে করোনা আক্রান্ত প্রবাসী বাংলাদেশিদের সফল চিকিত্সা শেষে সেনাবাহিনীর ১০ সদস্যের চিকিত্সকদল মঙ্গলবার দেশে ফিরেছেন। সেনাবাহিনীর মেডিক্যাল কোরের লে. কর্নেল ডা. ইমরুল কায়েস চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল টিম চিকিত্সা সরঞ্জাম নিয়ে গত ২০ এপ্রিল মালদ্বীপ যান।
মালদ্বীপে ২ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে ১ হাজার ১৮ জনই বাংলাদেশি। আক্রান্তদের মধ্যে তিন জন বাংলাদেশি মারা যায়। মালদ্বীপের হলুমালু শহরে পাশাপাশি অবস্থিত দুটি হাসপাতাল ও আইসোলেশন সেন্টারের দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল টিম। দুটি সেন্টারে করোনায় আক্রান্ত ৬০০ থেকে ৬৫০ জন বাংলাদেশি প্রবাসী ভর্তি ছিলেন। সেনাবাহিনীর মেডিক্যাল টিমটি মালদ্বীপে চিকিত্সাসেবা দেওয়ার পর কোনো বাংলাদেশির মৃত্যু হয়নি। সকলেই সুস্থ হয়ে যান। ১০ সদস্যের মেডিক্যাল টিমে তিন জন চিকিত্সক ও সাত জন স্বাস্থ্যকর্মী গত ২০ এপ্রিল থেকে ২৩ জুন পর্যন্ত ৬৫ দিন টানা চিকিত্সাসেবা দিয়ে দেশে ফিরেন।