নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৭/বি ব্যাচের ৪৪ জন মিডশিপম্যান এবং ২০২০/এ ব্যাচের ২৯ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ সর্বমোট ৭৩ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে তিন জন নারী কর্মকর্তা রয়েছেন। সদ্য কমিশনপ্রাপ্তদের মধ্যে মিডশিপম্যান ২০১৭/বি ব্যাচের মো. আসিফ মেহরাজ সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। এছাড়া মিডশিপম্যান আবু সাদাত মো. সায়েম প্রশিক্ষণে ২য় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌপ্রধান স্বর্ণ পদক’ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২০/এ ব্যাচ হতে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট আব্দুস সামাদ আশিক শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘বীর শ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন স্বর্ণ পদক’ লাভ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম নৌঅঞ্চলের সীমিত সংখ্যক সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান তরুণ প্রজন্মের কর্মকর্তাদের দেশ রক্ষার মহান কর্তব্যে আত্মনিয়োগ করে দেশ সেবার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।