সিনিয়র সাংবাদিক কবি মাশুক চৌধুরী আর নেই

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক, কবি মাশুক চৌধুরী আর নেই। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি..রাজিউন)।  তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মাশুক চৌধুরী কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষার পর তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর নিউমোনিয়া ধরা পড়ে এই বিশিষ্ট কবি ও সাংবাদিকের। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে কবি, সাংবাদিক মাশুক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন, দেশের সাংবাদিকতায় মাশুক চৌধুরীর অবদান অপরিসীম। সাংবাদিকতার পাশাপাশি তিনি সাহিত্য অঙ্গনে ষাটের দশক থেকে সক্রিয় ভূমিকা পালন করে এসেছেন। সাংবাদিকতা ও সাহিত্যে তার অভাব পূরণ হবার নয়। বিবৃতিতে তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।