চট্টগ্রামে বন্দুকযুদ্ধে সাত মামলার আসামি নিহত

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রাসেল নামে এক যুবক নিহত হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বারুনীঘাট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় পাহাড়তলী থানার চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। নিহত যুবক হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাইসহ সাতটি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, রাসেল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তাকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। মঙ্গলবার রাত দেড়টার দিকে রাসেলসহ সন্ত্রাসীদের একটি গ্রুপ বারুনীঘাট এলাকায় অবস্থান করছিল বলে পুলিশের কাছে খবর আসে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পালটা গুলিবর্ষণ করে। উভয় পক্ষে প্রায় ২০ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা মঈনুর বলেন, ছিনতাই, খুন, খুনের চেষ্টাসহ এমন কোনো অপরাধ নেই যা রাসেল করে না। তার বিরুদ্ধে পাহাড়তলী ও ডবলমুরিং থানায় সাতটি মামলা আছে। দুই বছর আগে একবার তাকে গ্রেফতার করা হয়েছিল। জামিনে বেরিয়ে সে একজনকে গুলি করে গুরুতর আহত করে।