ল্যাতিন আমেরিকায় মৃত্যু লাখ ছাড়াল

প্রাণঘাতী করোনা ভাইরাসে ল্যাতিন আমেরিকার দেশগুলোতে মৃতের সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে। এসব দেশে আগের চেয়ে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইউরোপে করোনা দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতে এক দিনে আক্রান্ত হয়েছে প্রায় ১৬ হাজার। করোনায় যুক্তরাষ্ট্র বিপর্যস্ত উল্লেখ করে এক শীর্ষ বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন।

বিশ্বে করোনায় মারা গেছে ৪ লাখ ৮২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাতেই মারা গেছেন প্রায় ২ থেকে আড়াই লাখ মানুষ। মেক্সিকোতে ২৩ হাজার ৩০০ জন মারা গেছেন। পেরুতে প্রায় সাড়ে ৮ হাজার এবং চিলিতে সাড়ে ৪ হাজার রোগী মারা গেছেন। যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের চেয়ে ল্যাতিন আমেরিকায় এখন বেশি রোগী শনাক্ত হচ্ছে প্রতিদিন। ল্যাতিন আমেরিকার দেশগুলোতে সব মিলিয়ে মৃতের সংখ্যা ১ লাখের বেশি। মহামারি আকারে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রকে পর্যুদস্ত করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক ড. রবার্ট রেডফিল্ড। তিনি মঙ্গলবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের জ্বালানি ও বাণিজ্য বিষয়ক কমিটির এক শুনানিতে বলেন, ছোট একটি ভাইরাসের কারণে আমাদেরকে সম্ভবত প্রায় ৭ ট্রিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে।  নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটে ভাইরাসে সংক্রমণ  বাড়ায় কোয়ারেন্টাইন পদ্ধতি চালু করা হয়েছে। সংক্রমিত এলাকা সফর করলেই এসব রাজ্যের বাসিন্দাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ভারতে এক দিনেই সংক্রমিত প্রায় ১৬ হাজার

দিল্লিতে মোট শনাক্ত হয়েছে ৬৬ হাজার রোগী। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ এই শহরে। সবচেয়ে বেশি সংক্রমণ মুম্বাইয়ে। তবে মুম্বাইয়ে সংক্রমণ কমেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী ৮০০ রোগী শনাক্ত হয়েছে শহরটিতে। দিল্লি সরকার বলছে, প্রতি ঘরেই স্ক্রিনিং চলবে। ৬ জুলাইয়ে মধ্যে দিল্লির সব বাসিন্দার রক্ত পরীক্ষা করা হবে। ভারতে এক দিনেই আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৯৬৮ জন। এদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম সোলিহ ঘোষণা দিয়েছেন ১৫ জুলাই থেকে দেশটিতে চালু হবে পর্যটন। আন্তর্জাতিক পর্যটকরাও আসতে পারবে। বিদেশিদের জন্য কোনো ভাইরাস পরীক্ষার প্রয়োজন নেই। মালদ্বীপের আয়ের বড়ো উত্স এই পর্যটন। মালদ্বীপের জনসংখ্যা ৩ লাখ ৩০ হাজারের মতো, যার মধ্যে ২ হাজার ২০০ রোগী পাওয়া গেছে। করোনা ভাইরাস মহামারির মধ্যেই মস্কোর রেড স্কোয়ারে এক বিরাট সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয় গতকাল। ইউরোপে নািস জার্মানির পরাজয়ের বার্ষিকী যা উদযাপিত হওয়ার কথা ছিল ৯ মে, সেটিই পিছিয়ে শেষ পর্যন্ত গতকাল করা হয়।

অক্সফোর্ডে তৈরি ভ্যাকসিনের ট্রায়াল শুরু

দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে মানুষের দেহে কোভিড-১৯ ভ্যাকসিন ট্রায়াল শুরু হচ্ছে। এই ভ্যাকসিনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি। দক্ষিণ আফ্রিকায় ২ হাজার মানুষ এর সঙ্গে জড়িয়ে থাকবে। এই মহামারি সামলাতে এটাই প্রথম ও সবচেয়ে উন্নত ভ্যাকসিন। জোহানেসবার্গে প্রথম ডোজ এই সপ্তাহে দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকাকে বেছে নেওয়া হয়েছে কারণ কোভিড-১৯ সংক্রমণ এখানে দ্রুতই বাড়ছে।