রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতির ইন্তেকাল

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সংবাদপত্রসেবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি .... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

গতকাল বুধবার ভোর ৬টার দিকে রাজধানীর আগারগাঁও নিউরোলজি হাসপাতালে ব্রেন স্ট্রোকে মারা যান তিনি। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে মীরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মোস্তাফা কামালের মৃত্যুতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সহসভাপতি নুর নবী খান ও সমিতির সব পরিচালক, সব কর্মকর্তা-কর্মচারীসহ সমিতির অন্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে দৈনিক ইত্তেফাক পরিবারের পক্ষ থেকেও গভীর শোক এবং শোকাহত পরিবারের    প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক

মোস্তাফা কামালের মৃত্যুতে দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আমীর মুহম্মদ, উপ-ইউনিট প্রধান আনিস মন্ডল, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।