করোনায় বিচারকের মৃত্যু

লালমনিরহাট জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে প্রথম কোনো বিচারক মারা গেলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান গত মঙ্গলবার দিবাগত রাতে মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ইদ্রিসুর রহমান ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) গ্রেপ্তার ও রিমান্ড সংক্রান্ত ৫৪ ও ১৬৭ ধারার মামলা, দশ বিচারপতি নিয়োগসহ বিভিন্ন ঐতিহাসিক মামলায় তিনি আইনজীবী ছিলেন।