নির্যাতনকারী, যৌতুকলোভী ও ভ্রূণ নষ্ট করার অভিযোগ তুলে সাবেক স্বামী রেজাউল করিম প্লাবনকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন পারুল আক্তার। এছাড়া নিয়মিত তিনি হত্যার হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ করেছেন। আক্ষেপ করে তিনি বলেন, ‘আমি সাংবাদিক হয়ে যদি বিচার না পাই তাহলে সাধারণ মেয়েরা কোথায় যাবে?’
গতকাল বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে এ দাবি জানান পারুল। পারুল দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার। আর তার সাবেক স্বামী প্লাবন দৈনিক যুগান্তরের রিপোর্টার।
পারুল বলেন, ‘প্লাবন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। ফেসবুক হ্যাক করার চেষ্টা করছে। আমাদের কতিপয় সাংবাদিক নেতা ও পুলিশ বলছেন, এটা সাংবাদিকদের বিষয়, সমঝোতা হয়ে যাবে। এটা তো আমার জীবন। আমি জানি সমঝোতা হবে কি, হবে না। সে আমার বাচ্চার ভ্রূণ নষ্ট করেছে। আমি চাই একজন নারী নির্যাতনকারী, যৌতুকলোভী, ভ্রূণ নষ্টকারীর বিচার হোক।’ পারুল বলেন, ‘প্রশাসন আমাকে হেল্প করতে চায় না। তাই আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
এর আগে ১১ মে হাতিরঝিল থানায় রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও ভ্রূণ হত্যার অভিযোগে মামলা করেন তার স্ত্রী পারুল আক্তার। প্রেমের সম্পর্ক থেকে এ বছর ২ এপ্রিল তারা বিয়ে করেন।
এতদিনেও কেন আসামি গ্রেফতার হয়নি? জানতে চাইলে হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ ইত্তেফাককে বলেন, আমরা আসামি গ্রেফতারের চেষ্টা করছি; কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।