যুক্তরাষ্ট্রে পুলিশ বাহিনীতে সংস্কার

ডেমোক্র্যাটদের বাধায় সিনেটে বিল পাশে ব্যর্থ রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকে কেন্দ্র করে বিক্ষোভ অব্যাহত আছে। এরই মধ্যে ক্ষমতাসীন রিপাবলিকান দল পুলিশ বাহিনীতে সংস্কার নিয়ে একটি বিল সিনেটে পেশ করলেও ডেমোক্র্যাটরা সমর্থন না দেওয়ায় সেটি পাশ হয়নি। এমনকি মার্কিন কংগ্রেসে কৃষ্ণাঙ্গ আ্ইনপ্রণেতারাও বিলটিতে সমর্থন করেননি। খবর রয়টার্সের

স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে একমাত্র কৃষ্ণাঙ্গ রিপাবলিকান টিম স্কট বিলটি উত্থাপন করেন। দুপুরের দিকে ভোটাভুটি হয়। এতে পক্ষে ৫৫ এবং বিপক্ষে ৪৫ ভোট পড়ে। বিলটি পাশ করাতে ১০০ আসনের সিনেটে অন্তত ৬০ টি ভোট দরকার ছিল। সিনেটে রিপাবলিকানদের ভোট আছে ৫৩টি। ভোটের আগেই ডেমোক্র্যাটরা বিলটি প্রত্যাখ্যান করে বলেন, নিরপেক্ষ বিল হলে তারা সমর্থন দেবেন। বিলে অপরাধের কারণে পুলিশের শান্তি খুবই সামান্য উল্লেখ করা হয়েছে। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক চুসুমার জোর গলায় বলেছিলেন, এই বিলে কখনোই্ ৬০ সিনেটরের সমর্থন আদায় করা সম্ভব নয়। একটি নিরপেক্ষ বিল হলেই সেটিতে আমরা সমর্থন দেবো। কংগ্রেসের কৃষ্ণাঙ্গদের গ্রুপটি (৫০ জনের বেশি কংগ্রেসম্যান) বিলটির বিরোধিতার করার আহ্বান জানিয়েছিলেন। তারা বিলটিকে সম্পূর্ণ ভুয়া বলে আখ্যায়িত করেন। যদিও সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেল বিলটি নিয়ে আরো ভোট করার অঙ্গীকার করেছেন। গত ২৫ মে জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ। এর বিক্ষোভের ঢেউ ইউরোপসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।