করোনার উপসর্গ নিয়ে গত দুইদিনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক এএসআই সহ নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
বুধবার জেলা প্রশাসনের মিডিয়া সেল ও বিএমপি’র মিডিয়া সেল সূত্র জানায়, হাবিবুর রহমান (৫৩) নামের এএসআই মঙ্গলবার রাতে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) অফিসে কর্মরত ছিলেন। হাবিবুর রহমান জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাসিন্দা। ১৯৮৯ সালের ১৪ মে তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন।
পুলিশ কমিশনার কার্যালয়ের স্টাফ অফিসার সহকারী পুলিশ কমিশনার আব্দুল হালিম জানান, এএসআই হাবিবুর রহমান গত ১৬ জুন রাতে জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে প্রথমে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঐদিন রাতেই তাকে সড়কপথে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এছাড়াও শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন ঝালকাঠী সদরের কেফায়েত নগর এলাকার হাফিজা বেগম (৪০)। ঐদিন দিবাগত রাত সাড়ে ১০টায় একই ওয়ার্ডে নলছিটির তিমিরকাঠী গ্রামের জাকির হোসেন (৫৬) মারা যান। বুধবার দুপুর ২টায় করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালী জেলার রাঙ্গাবালীর গাইনখালী এলাকার শাহ আলম (৭০) মারা যান। একই দিন বিকেল ৪টা ৪৫ মিনিটে করোনা ওয়ার্ডে মারা গেছেন উজিরপুর সানুহার এলাকার মনোয়ারা বেগম (৬৫)। মৃত প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম