নাটোর হরিশপুরের গৃহবধূ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান দুই আসামি মোস্তাক হোসেন ও জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের বগুড়া জেলার নন্দীগ্রাম ও রাজশাহী জেলার বাঘা থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সুমাইয়ার স্বামী মোস্তাক হোসেনকে বগুড়ার নন্দীগ্রাম এলাকা থেকে আর তার শ্বশুর জাকির হোসেনকে রাজশাহীর বাঘা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের নাটোরে নিয়ে আসা হয়। এর আগে সোমবার রাতে গ্রেফতার হন শাশুড়ি ও ননদ।
সুমাইয়ার পরিবার জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পড়াশোনা করতেন সুমাইয়া। বিসিএস দেয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। পড়াশোনা বন্ধ না করায় সোমবার সুমাইয়াকে মারধর করে হত্যা করে তার স্বামী মোস্তাক হোসেন। পরে তা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়।
এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামি করে মামলা করেন সুমাইয়ার মা।
ইত্তেফাক/ইউবি