দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনা ভাইরাস মহামারির কারণে সবচেয়ে বেশি দিন বন্ধ থাকা আইফেল টাওয়ার ফের দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে ফরাসি সরকার। কঠোর স্বাস্থ্যবিধি ও সুরক্ষা ব্যবস্থা রেখে বৃহস্পতিবার প্যারিসের এই স্থাপত্য নিদর্শনটি খুলে দেওয়া হয়।
ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১০টায় আইফেল টাওয়ার পুনরায় খুলে দেওয়ার পরপরই সেখানে পর্যটকদের ভিড় করতে দেখা গেছে। তিন মাস পর খুলে দেওয়া হলেও স্থাপনাটির স্বাভাবিক কার্যক্রম এখনই শুরু হচ্ছে না। বেশ কিছুদিন দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখা হবে। ১১ বছরের বেশি বয়সি সবাইকে বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক পরতে হবে এবং দর্শনার্থীদের টাওয়ারের দ্বিতীয় তলার ওপরে ওঠার অনুমতি দেওয়া হবে না। সংক্রমণজনিত সতর্কতার কারণে ১ জুলাই পর্যন্ত দর্শনার্থীরা শুধু সিঁড়ি ব্যবহার করে ভেতরে প্রবেশ করতে পারবেন। ঐ সময় পর্যন্ত লিফট বন্ধ থাকবে। এই গ্রীষ্মেই আইফেল টাওয়ারের সবকিছু আবার স্বাভাবিক ধারায় ফিরবে, এমনটি আশা করছেন বলে স্থাপনাটির ব্যবস্থাপকরা জানিয়েছেন। স্থাপনাটির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, নানন্দিক এই টাওয়ারটির নির্মাণকাজ ১৮৮৯ সালে সম্পূর্ণ হয়েছিল। প্রতি বছর প্রায় ৭০ লাখ দর্শনার্থী এই টাওয়ারটিতে ঘুরতে যান, যার প্রায় তিন-চতুর্থাংশই বিদেশি পর্যটক।