চীনের টেলিকম জায়ান্ট কোম্পানি হুয়াওয়েসহ দেশটির শীর্ষ ২০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ?‘হয় সামরিক বাহিনীর মালিকানাধীন অথবা সমর্থনপুষ্ট’, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে নিশ্চিত হয়েছে বলে জানানো হচ্ছে।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হওয়া ঐ তালিকায় রয়েছে ভিডিও নজরদারির প্রতিষ্ঠান হিকভিশন, চায়না টেলিকম, চায়না মোবাইল ও এভিআইসি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে উপনীত হওয়ার মাধ্যমে চীনের বিরুদ্ধে দেশটির নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথ সুগম হলো বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিবিসি সংবাদদাতারা বলছেন, চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কীভাবে স্পর্শকাতর প্রযুক্তি দেশটির সামরিক বাহিনীর কাছে পাচার করছে, মার্কিন কংগ্রেশনাল কমিটি, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও চীনা ব্যবসায় মার্কিন অংশীদারদের জানানোর জন্যই এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা আরো বড় হতে পারে বলে ধারণা। মার্কিন আইন অনুযায়ী, চীনের পিপলস লিবারেশন আর্মির ‘মালিকানাধীন বা নিয়ন্ত্রিত’ যেসব প্রতিষ্ঠানের কর্মী যুক্তরাষ্ট্রে কর্মরত আছেন তাদের খুঁজে বের করার দায়িত্ব দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এই তালিকা প্রকাশে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতাদের পক্ষ থেকে পেন্টাগনের ওপর চাপ বাড়ছিল।