সাধারণ রোগীদের চিকিৎসা না পাওয়ার অভিযোগ

ঢামেকের করোনা ইউনিটে ৫৪ দিনে ৭১৬ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৫জুন) সন্ধ্যা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। এদের মধ্যে ২ জনের (কোভিড-১৯) পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়াও অনেকের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

এনিয়ে ঢাকা মেডিকেলে করোনা ইউনিট চালুর ২ মে থেকে ২৫ জুন পর্যন্ত ৫৪ দিনে ৭১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শতাধিকের করোনা পজিটিভ ছিল। বাকিদের মৃত্যুকালীন পরীক্ষা হয়নি বলে তাদেরকে করোনা উপসর্গ নিয়ে অন্যান্য কারণে তাদের মৃত্যু হয়েছে বলে মৃত্যু সনদে উল্লেখ করা হয়।

এভাবে প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে করোনা ইউনিটে মারা যাচ্ছে অনেক  রোগী। এ অবস্থায় ঢামেকে অনেক সাধারণ রোগী চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, করোনা ইউনিটে কোভিড-১৯ পজিটিভ রোগী ছাড়া উপসর্গ আছে এমন রোগী, নিউরোসার্জারি, অর্থোপেডিক্স, শিশু বিভাগের  রোগীরাও চিকিৎসা পাচ্ছেন। এমনকি করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসা দেওয়া হয়। তাই অনেক সাধারণ রোগী আছে বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে শেষ মুহূর্তে ঢাকা মেডিকেলে আসেন। যখন আসে তখন চিকিৎসকদের আর কিছু করার থাকে না।

আরো পড়ুন: কুষ্টিয়ায় নমুনা না দিয়েই করোনা পজিটিভ

গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মৃতরা হলেন- বুলু মিয়া (৫০), শাকিল (৪৫), আবুল কালাম আজাদ (৬২), কলিমউল্লাহ (৬৮), জাহানারা (৫৬), আব্দুল মান্নান (৭৫), গৌরাঙ্গ চন্দ্র দাস (৬০), অহিদুর রহমান (৬৫) ও শামসুল ইসলাম (২৫)।

ইত্তেফাক/এএএম