রাজশাহীর তানোর পৌরসভার ব্যস্ততম এলাকায় কয়েকটি সড়কে উন্নয়ন ও সংস্কারের ছোঁয়া নেই। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা চলছে। সামান্য বৃষ্টি হলে জমে যাচ্ছে হাঁটুপানি। বিভিন্ন জায়গায় খানাখন্দ ও জলাবদ্ধতায় সড়কগুলো হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। এতে চরম দুর্ভোগে রয়েছেন পৌরবাসী।
তানোর হিন্দুপাড়া গ্রামের ব্যবসায়ী শুভ কুমার দাস জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার নেই। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না হওয়ায় বৃষ্টি হলেই রাস্তা ডুবে থাকে পানিতে। কয়েক দিন আগে স্বেচ্ছাশ্রমে অনেকে মিলে এই ড্রেনটি সংস্কার করা হয়েছে। সাবেক ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম ও ব্যবসায়ী বিশ্বনাথ দাস বলেন, বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। দীর্ঘদিন থেকে রাস্তাটি ভাঙাচুরা অবস্থায় আছে। ড্রেন ভরাট হয়ে রাস্তায় দুর্গন্ধ পানিতে ভরে যায়। এ নিয়ে তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, ৫ নম্বর ওয়ার্ড গোল্লাপাড়া গ্রামের রাস্তাটির কাজ টেন্ডার হয়ে গেছে। করোনার জন্য কাজ করতে বিলম্ব হচ্ছে। ৪ নম্বর ওয়ার্ড অলক দাসের বাড়িসংলগ্ন রাস্তাটির টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে। আর তানোর হিন্দুপাড়াসহ সকল ওয়ার্ডের ড্রেনগুলো আশু সংস্কারের ব্যবস্থা করা হবে।