গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১৩। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হল, পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছী পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে গোলাপ মণ্ডল (৩৯), একই উপজেলার আন্দুয়া গ্রামের মৃত আ. রহমানের ছেলে মো. টিপু সুলতান (৩৬) ও সাদুল্লাপুর উপজেলার ধারাই গ্রামের মো. কাশেম সোনারের ছেলে মো. আল-আমিন (৩৫)। র্যাব-১৩, রংপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র এ এস পি সিদ্দিক আহমদ জানান, বিশ্রামগাছী পশ্চিমপাড়া গ্রামের একটি ইটভাটার ঘরে গোপন বৈঠক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা, ২০০১ সাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর গাইবান্ধা অঞ্চলের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, বুধবার রাতে আল্লাহর দলের এই তিন সদস্যকে পলাশবাড়ী থানায় সোপর্দ করে র্যাব-১৩, রংপুর ক্যাম্পের সদস্যরা। রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং গতকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।