নাটোরে গৃহকর্ত্রীকে ছুরিকাঘাতে খুন

শহরের কানাইখালির চৌধুরী বাড়ি এলাকায় জাহানারা বেগম (৬০) নামে এক গৃহকর্ত্রী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তার নিজ বাড়িতে চুরির উদ্দেশে প্রবেশ করে সোহান (১৬) নামে এক যুবক ছুরিকাঘাতে তাকে খুন করে। জাহানারা বেগম একই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মাজেদ খান চৌধুরীর স্ত্রী এবং সোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নাটোরের কর্মচারী কান্দিভিটা মহল্লার সাইফুল ইসলাম নিচাবাজারের মাজেদ খান চৌধুরীর বাসায় ভাড়া থাকতেন। সম্প্রতি তিনি বাসা পরিবর্তন করে অন্য বাসায় ভাড়া ওঠেন। মাজেদ খান চৌধুরীর বাসায় ভাড়া থাকার সুবাদে বখাটে সোহান বাসার কোথায় কি আছে তা ভালোভাবেই জানতো। বুধবার সোহান দিনের কোনো এক সময় মাজেদ খানের বাসায় ঢুকে আত্মগোপন করে থাকে। রাতে সে চুরি করার এক পর্যায়ে জাহানারা বেগমের রুমে ঢুকে স্বর্ণালংকার নেওয়ার সময় তিনি দেখে ফেলেন। এসময় সোহান জাহানারা বেগমকে ছুরিকাঘাত করে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজনের চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এসে সদর দরজা বন্ধ থাকায় জানালার গ্রিল ভেঙে ঢুকে জাহানারা বেগমকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে জাহানারা বেগম নিজেই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে যান বলে পরিবার ও প্রতিবেশী দাবি করেছেন।