শোক সংবাদ

হাসান জামিল সাত্তার

দাউদকান্দির বর্ষীয়ান রাজনীতিবিদ হাসান জামিল সাত্তার (৭০) করোনায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে দাউদকান্দির হাসানপুর শহিদ নজরুল ইসলাম সরকারি কলেজ চত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভুঁইয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মরহমের ভাতিজা দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসূফ সেইন শোক প্রকাশ করেন।

আবদুল গফুর সরকার

নীলফামারীর ডিমলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা (শৈল্লার ঘাট) গ্রামের উপজেলা জাতীয় পার্টির নেতা আবদুল গফুর সরকার (গফুর মিয়া) (৭২) বুধবার উপজেলা সদরের বাবুরহাট গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও চার ছেলে রেখে গেছেন। গতকাল ডিমলা ইসলামিয়া কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন শোক প্রকাশ করেন।