ফেনীতে ডাকাতের হাতে নৈশপ্রহরী খুন, পুলিশের গুলিতে ৩ ডাকাত নিহত

ফেনীর দাগনভুঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টাকালে বাধা দেওয়ায় নৈশপ্রহরী আবদুল মান্নান মনুকে (৪৫) গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে ডাকাতদল। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ঘটনাস্থলে দুই ডাকাত ও চিকিত্সাধীন অবস্থায় আরো এক ডাকাত নিহত হয়। বৃহস্পতিবার ভোরে উপজেলার বেকেরবাজার এলাকায় এ  ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, তিনটি ছোরাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঐ সময় ডাকাতদল শরিয়ত অ্যান্ড ব্রাদার্স নামে একটি মুদি দোকানের মালামাল লুট করে ট্রাকে তোলার সময় নৈশপ্রহরী মনু ঘটনাটি দেখে ডাকাত, ডাকাত বলে চিত্কার দেয়। এসময় ডাকাতরা মনুকে গামছা পেঁচিয়ে হাত-পা  বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেওয়াসহ পুলিশকে খবর দেয়। এসময় ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা মিলে চার ডাকাতকে ধরে ফেলে। পরে তাদের ছাড়িয়ে নিতে অন্য ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পালটা গুলি ছুড়ে। এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদের দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক দুই জনকে মৃত ঘোষণা করেন। পরে অপর ডাকাতকে উন্নত চিকিত্সার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। অপর এক ডাকাত পুলিশের কাছে আটক আছেন। নিহত ডাকাতরা হলো: বরগুনার আমতলী উপজেলার তর্কাবনিয়া গ্রামের দুলাল মাতব্বর, একই এলাকার আমড়াগাছিয়া গ্রামের বাবুল মোল্লা ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার খামার আক্কেলপুর গ্রামের মো. বিদ্যুত্।

দাগনভুঞা থানার ওসি আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় দুটি মামলা হয়েছে।