গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মোড় থেকে টাঙ্গাইল অভিমুখী প্রায় ২০০ মিটার দীর্ঘ সড়ক ভাঙা থাকায় সব ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসীও। অপরিকল্পিতভাবে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ড্রেনের কাজ করায় মহাসড়কের ঐ ২০০ মিটার অংশ ভেঙে প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে এ রাস্তাটুকুতে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে মহাসড়কের ঐ ভাঙাচোরা অংশটুকু সংস্কারের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন জানান, বিআরটি প্রকল্পের ড্রেনের কাজ করায় ঐ রাস্তাটুকু পানি জমে ভেঙে গেছে। শিগিগরই ঐ ভাঙাচোরা অংশ সচল করার উদ্যোগ গ্রহণ করা হবে।