তানোরে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম রিপন পাহান (২০)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার কালীসফা গ্রামের হারান পাহানের ছেলে। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার কলমা ইউনিয়নের শুকানদীঘি গ্রামে।
পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে রিপন পাহান মাথায় করে ধানের বস্তা নিয়ে যাচ্ছিলেন। পথে জনৈক ব্যক্তির বাড়ির ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/আরকেজি