ট্রাম্পের নিরাপত্তা দলের দুই জন কোভিড-১৯-এ আক্রান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা দলের দুই জন সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। সিক্রেট সার্ভিসের এই দুই সদস্য রবিবার ওকলাহোমায় প্রেসিডেন্ট ট্রাম্পের জনসভায় ছিলেন। কোভিড-১৯ পজিটিভ বলে ধরা পড়ার পর সংস্থাটির কয়েক ডজন কর্মীকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। সিক্রেট সার্ভিস অবশ্য তাদের ঠিক কত জন আইসোলেশনে আছে তা বলেনি। ওকলাহোমার টালসা শহরে যখন কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে সেই সময় সেখানে নির্বাচনি সভা করায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা হয়। সেই সভার আগে তার প্রচার টিমের ৬ সদস্য এবং পরে দুই জন করোনা ভাইরাস পজিটিভ বলে ধরা পড়ে। খবর বিবিসি ও সিএনএনের

ট্রাম্পের টুইট লুকাল টুইটার

প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছিলেন, আমি যতদিন আপনাদের প্রেসিডেন্ট রয়েছি, ওয়াশিংটন ডিসিতে কোনো স্বায়ত্তশাসিত এলাকা গঠন হবে না। ওরা যদি চেষ্টা করে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে! সম্প্রতি সিয়াটল ও ওয়াশিংটনে বিক্ষোভকারীরা দাবি করেন, এই দুটি অঞ্চলকে পুলিশমুক্ত অঞ্চল ঘোষণা করতে হবে। আইনশৃঙ্খলার দায়িত্ব নেবেন এলাকার বাসিন্দারা। কারণ, আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে পুলিশ রয়েছে, তারাই তাণ্ডব চালাচ্ছে। সেই প্রসঙ্গেই টুইট করেছিলেন ট্রাম্প। টুইটটি মুছে দেওয়া হয়নি। বরং ‘হিংসাত্মক আচরণের বিরুদ্ধে ‘টুইটারবিধি’ ভাঙা হয়েছে বলে ট্যাগ করে দেওয়া হয়েছে সেটি। প্রাথমিকভাবে টুইটারের ঐ সতর্কতামূলক বার্তাটিই দেখতে পাবেন ব্যবহারকারীরা। সতর্কবার্তার ওপরে ক্লিক করলে বেরিয়ে আসবে ট্রাম্পের টুইট। জনস্বার্থের কথা মাথায় রেখে টুইটটিকে মুছে ফেলা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।