ঝিনাইদহে জোরপূর্বক গৃহবধূর নগ্ন ছবি তুলে ব্লাকমেইল, ৪ যুবক গ্রেফতার

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় জোরপূর্বক বাড়ি ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নগ্ন ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহ শহরের মহিষাকুণ্ডু গ্রামের মৃত হারুন মুন্সীর ছেলে সানি মুন্সী (২৩), ইসাহাক আলীর ছেলে শাওন হোসেন (২৪), নুরুল আমিনের ছেলে মারুফ বিল্লাহ (২৫) ও চাকলাপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে সোহান হোসেন (২৫)।

 

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ১৮ জুন সন্ধ্যায় শহরের চাকলাপাড়ার ইলেকট্রিক মেকানিকের বাসায় সবজি দিতে যায় তার এক সহযোগী। এ সময় আটককৃতরা জোরপূর্বক বাড়ির ভিতর ঢুকে গৃহবধূ ও সবজি দিতে আসা ইলেকট্রিক মেকানিকের সহযোগীকে মারধর করে তাদের আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে। গত কয়েকদিন তারা ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগির কাছে টাকা দাবি করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগি ওই নারী ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের কাছে বিষয়টি খুলে বললে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। 

 

পরে গোয়েন্দা পুলিশ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভিডিও ধারণকারী মোবাইল ফোন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

 

ইত্তেফাক/এএম