ইউরোপে 'খুব উল্লেখযোগ্যভাবে' করোনার পুনরুত্থান ঘটছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইউরোপে লকডাউন শিথিলের পর  গত কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো করোনার সংক্রমণের সাপ্তাহিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার এমনটি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ডা. হ্যান্স হেনরি ক্লুগে বলেছেন, ইউরোপের আর্মেনিয়া, সুইডেন, মলদোভা এবং নর্থ মেসিডোনিয়াসহ ১১টি দেশে সংক্রমণ এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে রোগটির 'খুব উল্লেখযোগ্যভাবে পুনরুত্থান' দেখা যাচ্ছে। পুনরুত্থানের ঝুঁকি সম্পর্কে তার সতর্কতা বাস্তবতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপীয় অঞ্চলে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৯৫ হাজারের বেশি। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া মিলে গঠিত অঞ্চলে প্রত্যেকদিন প্রায় ২০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন এবং প্রাণ যাচ্ছে ৭০০ জনের বেশি মানুষের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ইউরোপের যে সব দেশে করোনার পুনরুত্থান ঘটছে সেগুলো হলো- সুইডেন, ইউক্রেন, আলবেনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বসনিয়া-হারজেগোভিনা, কাজাখস্তান, কসোভো, কিরগিজস্তান, নর্থ ম্যাসিডোনিয়া এবং মলদোভা।
 
 গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়।  ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৯৬ লাখ ২৩ হাজার ১৮৭ এবং মারা গেছেন ৪ লাখ ৮৭ হাজার ৩৪৫ জন।

ইত্তেফাক/এআর