যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা ২ কোটিরও বেশি!

যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটির বেশি মানুষ ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এমনটি জানান। 

দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পক্ষ থেকে বলা হয়, করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের চেয়ে ১০ গুণ বেশি হতে পারে।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ লাখ মানুষ। মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৩৭০ জন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষণা অনুযায়ী, আগামী অক্টোবর নাগাদ যুক্তরাষ্টের করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮০ হাজারের মতো হতে পারে। তবে ৯৫ শতাংশ মার্কিন নাগরিক মাস্ক ব্যবহার করলে এই মৃত্যুর সংখ্যা কমে ১ লাখ ৪৬ হাজারে দাঁড়াতে পারে। 

ইত্তেফাক/এআর