হবিবগঞ্জের বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে মোটরসাইকেলের অপর আরোহী মোঘল চাঁদ (১৬) নামের আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়। বুধবার সকালে উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র হাবিবুর রহমান উপজেলার পশ্চিম দ্বিমুড়া গ্রামের আব্দুর রহমান ওরফে সাহেব আলীর ছেলে। সে মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
আরো পড়ুন: খালিয়াজুরীতে স্কুলছাত্র দীপু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
নিহতের পরিবারের বরাত দিয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, হাবিবুর রহমান তার বন্ধু মোঘল চাঁদকে সাথে নিয়ে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়। তারা নতুন বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর আরোহী মোঘল চাঁদকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/অনি