মাগুরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শালিখা উপজেলার দেশমুখপাড়া গ্রামের মিজানুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মিজানুর রহমান মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশনে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টার দিকে তিনি মারা যান।
এ ছাড়া জেলায় নতুন করে সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত দাঁড়ালো ৯৭ জনে। এবং মৃত্যু হয়েছে তিনজনের। অন্যদিকে সুস্থ হয়েছে ৪৫ জন।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, আজ মাগুরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতজন আক্রান্ত হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় পাঁচজন, সদর উপজেলায় একজন এবং শ্রীপুর উপজেলায় একজন।
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাগুরার ৪নং ওয়ার্ডের খানপাড়া, পিটিআই পাড়া ও একতা কাঁচাবাজার এলাকায় চলছে লকডাউন। এ সব এলাকায় প্রবেশ ও বের হতে সবাইকে নিষেধ করে ব্যানার টানানো হয়েছে। খানপাড়া, পিটিআই পাড়া এলাকার পাঁচটি প্রবেশপথ বন্ধ করে সেখানে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। কাউকে ভিতরে প্রবেশ বা বের হতে দেয়া হচ্ছে না।
ইত্তেফাক/ইউবি