সৈয়দপুরে স্বাস্থ্যবিধি মানছে না কেউ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেও নীলফামারীর সৈয়দপুরে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানছে না অধিকাংশ মানুষ। মাস্ক ছাড়াই অবাধে চলাচল করছে তারা। এছাড়াও সরকারি নির্দেশনা অমান্য করে রাত পর্যন্ত খোলা থাকছে অধিকাংশ প্রতিষ্ঠান ও মার্কেট। সরেজমিনে শহরের মূল সড়ক ও বাজারে দেখা যায়, কেউ কেউ মাস্ক পরলেও অনেকের মুখে মাস্ক নেই। অনেকে কথা বলার সময় মাস্ক খুলে ফেলছেন। অন্য দিকে সরকারি নির্দেশনা অমান্য করে এক শ্রেণির ব্যবসায়ীরা রাত ৯টার পরও দোকান খোলা রাখছেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম জানান, যারা মাস্ক ব্যবহার করছে না তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে অভিযান চালিয়ে বেশ কিছু জরিমানা করা হয়েছে।