সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
সেনবাগ উপজেলার কাদরা ও অর্জুনতলা ইউনিয়নে পুকুরে ডুবে খাদিজা আক্তার (২) ও জান্নাতুল রুপা (৪) নামের দুই শিশু মারা গেছে। শুক্রবার দুপুরে দুই শিশু খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। দ্রুত দুই শিশুকে সেনবাগ উপজেলা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত খাদিজা সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের কাদরা গ্রামের শহিদ উল্লাহ মেয়ে। আর জান্নাতুল উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের মো. আইয়ুবের মেয়ে। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা জানান, এ ধরনের কোনো ঘটনা কেউ থানায় অবহিত করেনি।