এএফপি
দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্যমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের আরো দুই সদস্যকে বরখাস্ত করেছেন পানামার প্রেসিডেন্ট লরেন্টিনো কোর্টিজো। বরখাস্তকৃত স্বাস্থ্যমন্ত্রী রোজারিও টার্নারের স্থলাভিষিক্ত হয়েছেন উপ-স্বাস্থ্যমন্ত্রী লুইস ফ্রান্সিসকো সুক্রি। এদিকে দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে।
করোনা মহামারিতে মধ্য আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ পানামায় গতকাল পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২৮ হাজারের কিছু বেশি এবং মৃতের সংখ্যা ছিল ৫৪৭ জন। পানামার মোট জনসংখ্যা প্রায় ৪০ লাখ। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বিধিনিষেধ প্রত্যাহার করার আগে প্রতিদিন ২০০ জনের মতো আক্রান্ত হলেও এখন এই সংখ্যা ৭০০র ঘরে চলে গেছে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে কোর্টিজো বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থাপনা সংকটে আমাদের সরকারের পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’ সরকার এই পদক্ষেপগুলোর বিষয়ে এরই মধ্যে যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে বলেও তিনি জানান।