চট্টগ্রামে ১৫০টি হাইফ্লো নজল ক্যানোলা বর্তমানে করোনা রোগীদের অব্যাহত আইসিইউ সমস্যার অনেকাংশে সমাধান করতে পারে। চট্টগ্রামের করোনা রোগীদের অক্সিজেন ও আইসিইউ বেড সমস্যা প্রকট আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী পরিস্থিতি থেকে আশু উত্তরণে হাই ফ্লো নজল ক্যানোলা সংযোজনের প্রতি জোর দেন।
চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। কোভিড-১৯ রোগীর একটি নির্দিষ্ট অংশের আইসিইউ ভেন্টিলেশন সুবিধার প্রয়োজন পড়ে। বিশেষ করে শ্বাসকষ্টজনিত কোভিড ক্রিটিক্যাল রোগীদের ক্ষেত্রে আইসিইউর বিকল্প নেই। তবে বিশেষজ্ঞদের মতে হাইফ্লো নজল ক্যানোলার মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা গেলে অনেক রোগী ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছার সম্ভাবনা কম থাকে। চট্টগ্রামে কোভিড রোগীদের আইসিইউ বেড সমস্যার এই মুহূর্তে হাইফ্লো নজল ক্যানোলা বিকল্প হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
চট্টগ্রামে ৬০ লক্ষাধিক মানুষের জন্য করোনা রোগীর চিকিত্সায় মাত্র ২৫টি বেড সুবিধা রয়েছে। কয়েক দিন আগে করোনা রোগীদের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০টি আইসিইউ বেড দিয়ে শুরু করা হয়। পরবর্তী সময়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতটি এবং অধিগ্রহণকৃত বেসরকারি হলি ক্রিসেন্ট হাসপাতালে আটটি আইসিইউ বেড করোনা রোগীদের চিকিত্সায় নিয়োজিত করা হয়। বেসরকারি ১২টি হাসপাতালে শতাধিক আইসিইউ বেড থাকলেও কোভিড-১৯ রোগীদের ব্যাপারে তারা অনেকটা অনীহা দেখিয়ে আসছে। নন কোভিড রোগীদেরও কোভিড সার্টিফিকেট ছাড়া চিকিত্সা না দেওয়ার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে কোভিড রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার পাওয়া দুরূহ হয়ে পড়েছে। উচ্চমূল্যে অনেক ক্ষেত্রে সিলিন্ডার এনে রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরউদ্দিন বলেন, রাতারাতি আইসিইউ বেড বাড়ানো সম্ভব নয়। বরং করোনা রোগীদের ক্রিটিক্যাল পর্যায়ে যাওয়া ঠেকাতে হাইফ্লো নজল ক্যানোলা বাড়ানো দরকার। এটি দ্রুত নিয়ে আসা সম্ভব। চট্টগ্রাম চেম্বার সভাপতি সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সার জন্য কয়েকটি হাইফ্লো নজল ক্যানোলা হস্তান্তর করেছেন। চেম্বার সভাপতি সরকারের পাশাপাশি চট্টগ্রামের বিত্তবানদের এটি সরবরাহের আহ্বান জানান।