৫০ বছরের পুরোনো গাণিতিক সমস্যা মাত্র এক সপ্তাহে সমাধান করলেন যুক্তরাষ্ট্রের গ্রাজুয়েশন পর্যায়ের এক ছাত্রী। পাঁচ দশক ধরে ঝুলে থাকা ‘কনওয়ে নট’ গণিত সমস্যার সমাধান করা ঐ ছাত্রীর নাম লিসা পিচিরিলো। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করার সময়ে তিনি ‘কনওয়ে নট’ বা কনওয়ে গেরো সমস্যার সমাধান করেন।
এই বছরের শুরুর দিকে গণিত জার্নাল অ্যানালস অব ম্যাথমেটিকসে পিচিরিলোর সমস্যাটি প্রকাশিত হয় এবং সমস্যাটি সমাধানের পর তাকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বৈজ্ঞানিক খবরের ওয়েবসাইট কোয়ান্টাকে দেওয়া এক সাক্ষাত্কারে পিচিরিলো জানান—সমস্যাটি সমাধান করে সেটি সম্পর্কে খুবই স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গণিতবিদ ক্যামেরন গর্ডনের সঙ্গে আলোচনা করেন। তিনি যখন বেশ স্বাভাবিকভাবেই কনওয়ে নট সমস্যা সমাধানের কথা তার অধ্যাপকের কাছে বলেন তখন তার অধ্যাপক উত্তেজিত হয়ে চিত্কার শুরু করেন। বরং পিচিরিলো কেন এতটা শান্ত-স্বাভাবিকভাবে এটা তাকে জানাচ্ছে তা জানতে চান তিনি—‘তুমি এটি নিয়ে আরো উত্তেজিত নও কেন?’ খুশিতে ঐ অধ্যাপক পাগলের মতো হয়ে যান।
১৯৭০ সালে ব্রিটিশ গণিতবিদ জন হর্টন কনওয়ে ‘কনওয়ে নট’ সমস্যা উত্থাপন করেন। আর পিচিরিলো এই সমস্যার কথা প্রথম জানতে পারেন ২০১৮ সালে। অধ্যাপক গর্ডন তার প্রতিক্রিয়ায় বলেন, আমার মনে হয় পিচিরিলো কত পুরোনো, স্বীকৃত এবং বিখ্যাত একটি সমস্যার সমাধান করেছে, সে সম্পর্কে হয়তো জানেন না।
গাণিতিক ‘নট’ গণিতের টপোলজি নামক বিশেষ একটি ধারার অংশ। সহজ কথায়, কোনো বস্তুকে না ভেঙে সেটির আকার বিকৃত করলে, মোচড়ালে এবং প্রসার ঘটালে ঐ বস্তুটি কোন পরিস্থিতিতে কী ধরনের ব্যবহার করে—সেটি নিয়ে গবেষণা করা হয় টপোলজিতে। নট থিওরি টপোলজির একটি শাখা। বাস্তব জীবনের উদাহরণগুলোর চেয়ে ‘নট’ সমস্যার পার্থক্য হলো—এর শেষভাগ একসঙ্গে যুক্ত থাকে।—বিবিসি