কেরানীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৯১৬

ইউএনও দম্পতিসহ আরো ৩২ জন রোগী

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাবদদাতা

কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ও তার স্ত্রীসহ গতকাল শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে কেরানীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৬ জনে। উপজেলা করোনা কন্ট্রোল রুম কর্মকর্তা জানায়, শুক্রবার সকাল ১১টায় এ রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে উপজেলা কন্ট্রোল রুমে পৌঁছায়। এ রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। গত ১২ মে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসি ল্যান্ড সানজিদা আবদুল্লাহ তিন্নি করোনা আক্রান্ত হন। এছাড়া গত ১৫ মে কেরানীগঞ্জ মডেল থানার এসি ল্যান্ড কামরুল হাসান সোহেল করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত আক্রান্ত ৯১৬ জনের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন জন, প্রকল্প অফিসার এক জন, ডাক্তার ১৪ জন, নার্স ১৭ জন, স্বাস্থ্যকর্মী ১৮ জন, র্যাব সদস্য ৪৬ জন, পুলিশ ৪৫ জন ও প্রশাসনিক কর্মচারী ১৩ জন।

কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১২টি ইউনিয়নের মধ্যে জিনজিরা ও কালিন্দীসহ সাতটি ইউনিয়নকে রেড জোন, কলাতিয়া ও তারানগরসহ তিনটি ইউনিয়নকে ইয়োলো জোন এবং হজরতপুর ও তেঘুরিয়া ইউনিয়নকে গ্রিন জোন ঘোষাণা করেছে প্রশাসন। গত ২৫ জুন পর্যন্ত ৩৪৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে কাজে যোগদান করেছে। এপর্যন্ত কেরানীগঞ্জে করোনায় আক্রান্ত ২১ জন রোগী মিটফোর্ড, মুগদা, ঢাকা মেডিক্যাল, কুর্মিটোলা ও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে।