মার্কিন প্রতিনিধি পরিষদে জর্জ ফ্লয়েড পুলিশ সংস্কার বিল পাশ

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত জর্জ ফ্লয়েডের সম্মানে পুলিশ সংস্কার বিল প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে। যদিও বিলটি একদলীয় হওয়ায় শেষ পর্যন্ত আইনে পরিণত হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের বিলটিতে ভেটো দেওয়ার অঙ্গীকার করেছেন। খবর বিবিসি ও রয়টার্সের

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২৩৬-১৮১ ভোটে বিলটি পাশ হয়। জর্জ ফ্লয়েডের সম্মানে বিলটির নাম দেওয়া হয়েছে ‘দ্য জর্জ ফ্লয়েড জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট’। এর ঠিক এক মাস আগে ২৫ মে মিনেসোটার মেনিয়াপোলিসে এক শ্বেতাঙ্গ পুলিশ শ্বাসরোধ করে ফ্লয়েডকে হত্যা করে। ডেমোক্র্যাটদের বিলে পুলিশের কিছু ক্ষমতা খর্ব করা হয়েছে। রিপাবলিকানরা সিনেটে পুলিশ বাহিনীতে সংস্কার নিয়ে একটি বিল উত্থাপন করেছিলেন। কিন্তু প্রয়োজনীয় সমর্থনের অভাবে বিলটি পাশ হয়নি। রিপাবলিকানরা বলছেন, ডেমোক্র্যাটদের বিলে পুলিশ বাহিনীকে খাটো করা হয়েছে। যদিও তিন জন রিপাবলিকান বিলটির পক্ষে সমর্থন দিয়েছেন।

সিনেটে পাশ ‘হংকং স্বায়ত্তশাসন আইন’

হংকংয়ের স্বায়ত্তশাসন বজায় রাখতে একটি বিল পাশ করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। এ বিলে হংকংয়ের স্বায়ত্তশাসন ক্ষুণ্ন করতে চীনে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ করেছে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এতে দ্বিতীয় ধাপে ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে যারা হংকংয়ে গণতন্ত্রপন্থিদের আন্দোলন দমনে সহায়তা করা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা করবে। ‘দ্য হংকং অটোনমি অ্যাক্ট’ নামে বিলটি প্রতিনিধি পরিষদে পাশের পর প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাক্ষর করতে হবে। তাহলেই এটি আইনে পরিণত হবে।