ভারতকে পানি দেওয়া বন্ধ করা হয়নি

আসামের কৃষকদের সেচের পানি বন্ধ করেনি ভুটান। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার চক্রান্ত। গতকাল শুক্রবার এক বিবৃতিতে ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির

ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৪ জুন ২০২০ থেকে ভারতীয় একাধিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে যে, আসামের কৃষকদের সেচের পানি আমরা বন্ধ করে দিয়েছি। সমস্যায় বাক্সা আর উদালগুড়ির কৃষকরা। এটা অত্যন্ত ভয়াবহ অভিযোগ। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করতে চায়, এই ধরনের সংবাদ ভিত্তিহীন এবং ভুটানের পানি বন্ধ করার মতো কোনো কারণ নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুটান  ও আসামের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে ফাটল ধরানোর জন্য এই চেষ্টা বলে অভিযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে আসামের মুখ্যসচিব কুমির সঞ্জয় টুইট করে বলেন, এই প্রতিবেদন অসত্য। প্রাকৃতিক কারণে পানি বন্ধ হয়েছে। বিবৃতিতে ভুটান সরকার বলেছে, বহুযুগ ধরে বাক্সা আর উদালগুরি আমাদের পানি পেয়ে সমৃদ্ধ। আগামী দিনেও সেই পানি পাবে। এমনকি এই করোনা সংকটের মুহূর্তেও সেই পানি পেয়েছে।

এদিকে লাদাখে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবেই জানিয়েছে, এ বছর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় একেবারে অন্যরকম আচরণ করেছে চীন। মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, চীনা সেনারা পারস্পরিক সমঝোতার সমস্ত নিয়মকে অবজ্ঞা করেছে। চলতি বছরের মে মাসের শুরু থেকেই চীন এলএসির কাছাকাছি প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছে। এই কার্যকলাপের মাধ্যমেও তারা দুই দেশের মধ্যে থাকা দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে সীমান্তের পরিস্থিতির আরো অবনতি হবে।