দুর্নীতি ও লুটপাট করার জন্যই বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকীসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, লুটপাটের পথ সুগম করতে বিরোধীদলকে দমন করা হচ্ছে। আর এ সব অপকর্মের সঙ্গে রাষ্ট্র জড়িত, মানববিধ্বংসী কাজের সঙ্গে রাষ্ট্র জড়িত। ভিন্ন মতাবলম্বীদের ওপর চলছে নৃশংস আক্রমণ, অত্যাচার, অমানবিক কর্মকাণ্ড। ভিন্নমতকে দমন করার জন্য রাষ্ট্রের সকল যন্ত্র প্রয়োগ করা হচ্ছে। তিনি বলেন, আমাদের ছেলেরা হারিয়ে যাচ্ছে, গুম হচ্ছে। একের পর এক নিরুদ্দেশ হচ্ছে। আজকে এ পরিস্থিতি কেন? কেন মিছিল করা যায় না? কথা বলা যায় না? কথা বলতে গেলেই, ভিন্নমত প্রকাশ করলেই মানুষ গুম হয়ে যাচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন, এখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। দেশে বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে। আজকের বিরোধী দলের নেতাকর্মীরা জেলখানায় আর সরকারি দলের নেতাকর্মীরা দুর্নীতি লুটপাট করে সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্রের জন্য যারা লড়াই করছেন, তারা সত্যের পথে, ন্যায়ের পথে আছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি।
জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সহ-সভাপতি মাসুদ খান, যুগ্মসাধারণ সম্পাদক শামসুল হক, দপ্তর সম্পাদক এ বি এম রাজ্জাক, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।