মানব ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার সঙ্গে সম্পৃক্ত এক কুয়েতি নারী ব্যবসায়ীকে জামিন দিয়েছে কুয়েতের সরকারি কৌঁসুলিরা। ২ হাজার কুয়েতি দিনারের মুচলেকায় ঐ নারীকে জামিন দেওয়া হলেও তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কুয়েতি সংবাদমাধ্যম আল সিয়াসাহ ডেইলির বরাত দিয়ে আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঐ নারী কুয়েতের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বোন। তার বিরুদ্ধে ঘুষ ও অর্থপাচারের দুইটি অভিযোগ রয়েছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, এমপি পাপুলের ব্যাপারে সরকারি কৌঁসুলিরা এখন ফাইন্যান্সিয়াল ইউনিটের তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের মানবপাচার রিপোর্টে উঠে এসেছে এমপি পাপুলের নাম। বৃহস্পতিবার প্রকাশ করা ঐ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কয়েকজন সংসদ সদস্যসহ সরকারি কর্মকর্তারা বিদেশে চাকরি দেওয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। যা অভিবাসনবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে সাংঘর্ষিক। কুয়েতি কর্মকর্তাদের ঘুষ দিয়ে ২০ হাজার বাংলাদেশিকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কুয়েতে নিয়ে যায় এমপি পাপুল। তাদের যে বেতন নির্ধারণ করা হয়েছিল তার থেকে কম বেতন পেয়েছে অথবা একদম পায়নি।