ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া ও সদর উপজেলার খড়িখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, শনিবার সকালে কালীগঞ্জ শহরের বলিদাপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল রিমা খাতুন নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। রিমা খাতুন বলিদাপাড়া গ্রামের লিটন হোসেনের মেয়ে।
অপরদিকে সকালে সদর উপজেলার খড়িখালী এলাকায় মাইক্রোবাসে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বিষয়খালী গ্রামের মুরাদ হোসেনের ছেলে।
ইত্তেফাক/ইউবি