মাছ পাহারায় বেড়াল পোষো,
মাছ গেল কই কুকুর দোষো!
মুরগির ভার শেয়াল পেল,
ডিমগুলো সব কোথায় গেল?
ডিম যায় যাক মুরগি আছে,
মুরগি থাকলে ডিমও আছে;
ডিম দেবে কি খাবারই নাই,
গেরস্তের তা আমলে নাই!
বেড়াল আছে দুধে-ভাতে,
শেয়াল ডাকে জ্যৈষ্ঠী রাতে:
বেড়াল চাখে শেয়াল হাঁকে,
মাছ-মুরগিরা উপোস থাকে!
মহাজনের শিং উঁচা তা-ও,
বাঁচো-মরো খাও কি না-খাও
ডিম দেয়া চাই ডিম দেয়া চাই।
মাছ-মুরগি সব প্রাণভয়ে তাই
পালিয়ে গেল হারিয়ে গেল;
তাই মহাজন এলোমেলো,
গেরস্থালির নড়বড়ে হাল:
কই সে-বেড়াল কই সে-শেয়াল?
তারা তখন অন্যভোজে,
কার দরদে কে তা খোঁজে!