করোনা মহামারি ফান্ড
সোহেল সারোয়ার চঞ্চল
আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা অনুদানের কথা ঘোষণা করলেও বাফুফে এখনো বলে আসছে তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে খবরটি তারা জেনেছেন। সেই জানার ওপর ভর করেই বাফুফে বলছে অনুদানের অর্থ পাওয়ার পর খরচ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিন ভাগে ১৫ লাখ ডলার পাবে। এর মধ্যে দুই ভাগে ১০ লাখ ডলার সমপরিমাণ প্রায় সাড়ে ৮ কোটি টাকা পাবে। এটা ছাড়াও নারী ফুটবলের জন্য আরো ৫ লাখ ডলার সমপরিমাণ প্রায় সাড়ে ৪ কোটি টাকা পাবে বাফুফে। সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলছেন, ‘টাকা পাব এটাই এখনো জানি না। শুনেছি মাত্র। ১০ লাখ ডলার দুই ভাগে দেওয়া হবে আর নারী ফুটবলের জন্য আবেদন করতে হবে তখন আরো ৫ লাখ ডলার পাওয়া যেতে পারে।’ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কি বলা যায় বাফুফে ফিফার কাছ থেকে ১৫ লাখ ডলার পাবে? সোহাগ বললেন, ‘যদি ফিফার শর্ত পূরণ করে আমরা কাগজপত্র জমা দেই তাহলে ১৫ লাখ ডলার পাব। এটা বলতে পারি, এই অর্থ কোনো ত্রাণ নয়। এটা তাদের কোডিভ-১৯-এর জন্য ফান্ড।’
করোনা ভাইরাসের কারণে প্রথমে বন্ধ ছিল প্রিমিয়ার ফুটবল লিগ। কোভিড-১৯-এর পরিস্থিতি উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ বাতিলই করে দেওয়া হয়েছিল। ফিফা গত বৃস্পতিবার ভার্চুয়াল মিটিং করে কোভিড-১৯-এর জন্য একটি ফান্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ১ বিলিয়ন ডলারের সেই ফান্ড ফিফা তার ২১১ দেশকে দেবে এমন কথাও জানিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিও। বাফুফের সাধারণ সম্পাদক বরাবরের মতো প্রায় সব ব্যাপারেই তথ্য প্রচারে একটু অনীহা। এবারও সেই একই পথে হাঁটছিলেন। অনুদানের কথা তিনিও শুনেছেন। বললেন, ‘শুনেছি দুই ভাগে অর্থ দেওয়া হবে। আর নারী ফুটবলের জন্য আবেদন করতে হবে, শর্ত পূরণ হলে আরো ৫ লাখ ডলার পাওয়া যাবে।’
ব্রাদার্সের ফুটবল ম্যানেজার আমের খান বললেন, ‘আমরা আগেই বাফুফেকে জানিয়েছিলাম কোভিড-১৯ কেন্দ্র করে ফিফার কাছ থেকে ফান্ড নেওয়া যায় কি না। কারণ আমরা আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত। শুধু আমাদেরকে সহযোগিতা করার জন্যই না, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ দলগুলো ক্ষতিগ্রস্ত। সবাইকে কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে আমরা বলে আসছিলাম।’ কোন খাতে ১০ ডলার ব্যয় হবে? সোহাগ বললেন, ‘ফিফা যখন অনুদান দেবে তখন নিশ্চই খরচেরও গাইড লাইন দেবে। কোন খাতে কত ভাগ অর্থ খরচ করতে হবে তা বলে দেবে। গাইড লাইন পেলে আমরা সব কিছু বলতে পারব। নারী ফুটবলের অনুদান পেতে হলেও শর্ত পূরণ করতে হবে।’