ম্যারাডোনাদের বিশ্বকাপজয়ী কোচ করোনাক্রান্ত

স্পোর্টস ডেস্ক

১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো কোচ কার্লোস বিলার্দো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে শরীরে কোনো প্রকারের উপসর্গ দেখা যায়নি এখনো, জানিয়েছে রয়টার্স।

শেষ দুই বছর ধরেই এক নার্সিং হোমে ভর্তি আছেন সাবেক আর্জেন্টাইন কোচ। সেখানেই সম্প্রতি করোনা পরীক্ষার পরে দেখা যায়, কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন তিনি। তবে বিলার্দোর পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শরীরে এখনো উপসর্গ দেখা দেয়নি এবং সাবেক এই কোচ সম্পূূর্ণ ভালো আছেন।

খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই তার সাবেক ক্লাব এন্তুদিয়েন্তেস সুস্থতা কামনা করে টুইট করে। সেখানে লেখা থাকে, ‘এ খেলাতেও তোমার পাশে আছি আমরা, কার্লোস।’ ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর চার বছর পর আরো একবার খুব কাছে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের। তবে ১৯৯০ ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা বঞ্চিত থাকে আর্জেন্টিনা।