ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
হেদায়েত হোসেন মোল্লার আইনজীবী অ্যাডভোকেট মাছুম বিল্লাহ জানান, হেদায়েত হোসেন মোল্লা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত ছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি অসুস্থবোধ করায় বটিয়াঘাটা থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। বিকাল ৪টার দিকে তাকে খুলনা কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে, বৃহস্পতিবার বিকালে সাংবাদিক হেদায়েতের জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করা হয়। আদালতের বিচার মশিউর রহমান চৌধুরী শুনানি শেষে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গত বুধবার জিজ্ঞাসাবাদের জন্য খুলনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাস ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরো পড়ুন: স্কুলে যেতে প্রতিদিন ১৮ কিঃমিঃ পথ পাড়ি!
সাংবাদিক হেদায়েত পক্ষে আদালতে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট মাছুমবিল্লাহ।
উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গত মঙ্গলবার বিকেলে নগরীর গল্লামারী এলাকা থেকে সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লাকে বটিয়াঘাটা থানা পুলিশ গ্রেফতার করে। গত ৩০ ডিসেম্বর রাতে খুলনার রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ওই ফলাফলে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাট) আসনে মোট ভোটারের চেয়ে ২২ হাজারেরও বেশি ভোট গ্রহণ হয়েছে মর্মে বাংলা ট্রিবিউন ও দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় গত মঙ্গলবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে বটিয়াঘাটা থানায় করে মামলা দায়ের করেন। ওই মামলায় সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়। এ মামলার অপর আসামি হলেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলাম।
ইত্তেফাক/বিএএফ