গোপালপুর-চরমইনুট রুটে ফেরি চলাচল শিগিগরই আগামী মাস থেকে চলবে সী-ট্রাক

এমপি নিক্সন চৌধুরীর প্রচেষ্টা

ফরিদপুর প্রতিনিধি ও চরভদ্রাসন সংবাদদাতা

ফরিদপুর জেলার তিনটি উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা নদীর ফরিদপুরের গোপালপুর ও দোহারের চরমইনুট ঘাটে ফেরি চালু হওয়া। স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের প্রচেষ্টায় অবশেষে চালু হতে যাচ্ছে এই রুটে ফেরি চলাচল। তার আগেই এই রুটে চালু হবে সী-ট্রাক। গতকাল শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে একটি টিম গোপালপুর-চরমইনুট রুট পরিদর্শনকালে সাংবাদিকদের এই তথ্য জানান।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এখানে ফেরি চালুর উদ্যোগ নেন। সড়ক ও জনপদ বিভাগের দুইটি ফেরিও নিয়ে আসা হয়। কিন্তু নানা জটিলতায় সেই ফেরি দুইটি চালু হয়নি। পরবর্তীতে স্থানীয় সাংসদ এখানে বিআইডব্লিওটিএর ফেরি চালুর উদ্যোগ নেন। গত মাসে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই রুটে ফেরি চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। তারই পরিপ্রেক্ষিতে বিআইডব্লিওটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, অতিঃ প্রকৌশলী রাকিবুল ইসলামসহ ঊর্ধ্বতন নৌপরিবহন মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের একটি টিম ঘাট ও নৌরুটটি পরিদর্শনে আসে। এ সময় তারা জানান, শিগগিরই এই রুটে ফেরি চলাচল শুরু হবে। স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ স্থানীয় সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।